দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। জেলা বাস মালিক সমিতি থেকে অতিরিক্ত বাস ভূঞাপুর বাস মালিক সমিতিতে যুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। সকাল থেকে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। যাত্রীরা কাউন্টারে এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেকে বিকল্প পরিবহনের খোঁজ করলেও অতিরিক্ত ভাড়া ও সময়ের কারণে সমস্যায় পড়েছেন।
যাত্রীরা জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচল না করায় তাঁরা বিপাকে পড়েছেন। সঙ্গে থাকা শিশু ও মালামাল নিয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। বাস মালিকদের বিরোধের কারণে যাত্রীদের ভোগান্তি না বাড়িয়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান তাঁরা।
বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ডে মোট ৫৮টি বাস রয়েছে। এর মধ্যে প্রতিদিন প্রায় অর্ধেক বাস চলাচল করে। এরই মধ্যে জেলা বাস মালিক সমিতি থেকে আরও অতিরিক্ত বাস ভূঞাপুর বাসস্ট্যান্ডে যুক্ত করা হয়েছে। এতে স্থানীয় বাস মালিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
তাঁরা বলেন, অতিরিক্ত বাস যুক্ত করার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। দ্রুত সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকাগামী বাস চলাচল বন্ধ রাখারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
এমএস/